
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার মিটার কারেন্ট ও চরঘেরা জালসহ একটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌপুলিশ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে এ যৌথ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান।
অভিযানে পাঁচটি কারেন্ট জাল, যার মোট দৈর্ঘ্য ৩ হাজার ৫০০ মিটার; একটি চরঘেরা জাল, যার দৈর্ঘ্য ৫০০ মিটার এবং একটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়।
অভিযানে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রমজান আলী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, ক্ষেত্র সহকারী আবু মোহাম্মদ নোমান, হালদা পাহারাদার সুমনসহ অন্যান্য পাহারাদার উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। হালদা নদীর মা মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।